‘দঙ্গল’ সাফল্যে আমির খান

আমির খান এখন টপ টক অব দ্য বলিউড। তার কারণ ‘দঙ্গল’। মুক্তি আগে থেকে আলোচনায় থাকা এই ছবিটি মুক্তির পর বাজিমাত করে দিয়েছে। একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে।

 
এরইমধ্যে ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে এটি আয় করেছে ৬০০ কোটিরও বেশি। পিকে ও বজরাঙ্গি ভাইজানের পর আমিরের এই ছবিটি এত দ্রুত রেকর্ড গড়লো।
 
শুধু ভারতে ‘দঙ্গল’-এর আয়ের পরিমাণ ৩২০ কোটি ১৬ লাখ রুপি। হিন্দি, তামিল ও তেলেগু সংঙ্করণ মিলিয়ে আয় হয়েছে ৪৪৮ কোটি ২২ লাখ রুপি। অন্যান্য দেশ থেকে এসেছে ১৬৬ কোটি ৫ লাখ রুপি। সব মিলিয়ে লাভের অঙ্কটা ৬১৪ কোটি ২৭ লাখ রুপি। বক্স অফিসে এর লভ্যাংশের পরিমাণ শতকরা ২৫৬ ভাগ!
 
 ভারতের ৪ হাজার ৩০০টি ও বিভিন্ন দেশের ১ হাজার মিলিয়ে ৫ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে গত ২৩ ডিসেম্বর মুক্তি পায় ‘দঙ্গল’। এর মাধ্যমে ২ বছর পর বড়পর্দায় ফিরেছেন আমির। এতে হরিয়ানার কুস্তিগীর মহাবীর সিং ফোগাত চরিত্রে দেখা যাচ্ছে তাকে।
 
আমির বলেন, ‘আমি সবসময় চাই এমন একটি কাজ করতে, যা দর্শকদের মনে দাগ কাটবে। দঙ্গল নিয়ে আমি অনেকদিন পরিশ্রম করেছি। নিজেকে পুরো পাল্টে ফেলা আমার জন্য সহজ ছিল না। সফলতা দেখে তাই অনেক ভালো লাগছে।’
ইত্তেফাক/এএন