ছয় জঙ্গির লাশ মর্গের ফ্রিজে, দেখতেও আসেনি পরিবার

 
নিহত ৬ জঙ্গির লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গের ফ্রিজে। তাদের লাশ দেখতেও আসেনি পরিবার। এমনকি লাশ গ্রহণের জন্যও পরিবারের কেউ আবেদন করেনি। আগের ৪টি লাশের সঙ্গে নতুন করে যোগ হয়েছে মারজান ও সাদ্দামের লাশ। এর আগে আজিমপুরে নিহত তানভীর কাদেরী, রুপনগরে নিহত মেজর জাহিদ ও দক্ষিনখানে নিহত শারিকা ওরফে তাহিরা এবং আফিফ কাদেরীর লাশ রয়েছে হাসপাতাল মর্গের ফ্রিজে। পুলিশের একটি সূত্র জানায়, লাশগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
 
এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অব্যাহত অভিযানের মুখে বারবার অবস্থান বদলাচ্ছে জঙ্গিরা। আলোচিত মুখের পাশাপাশি জঙ্গি লিস্টে এমন সব নাম রয়েছে যারাও বেশ ভয়ঙ্কর। জঙ্গি নেতারা তাদের প্রযুক্তিগত কৌশল পরিবর্তন করছে। তারা এখন উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য তত্পরতা অব্যাহত রেখেছে। গোয়েন্দা সূত্র জানায়, জঙ্গিরা শুধু প্রযুক্তি নয়, অস্ত্রের ব্যবহার, পোশাক পরিচ্ছেদ, বাসস্থান, ব্যাংক একাউন্ট, অস্ত্রের চালান, দলের সদস্যদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনছে।
 
জঙ্গি মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানান, অপরিচিত নব্য জেএমবি সদস্যদের খোঁজার জন্য পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) তত্পরতা শুরু হয়েছে। ধরা পড়া ও তালিকায় থাকা জঙ্গিদের সঙ্গে যাদের স্বাভাবিক যোগাযোগ ছিল সেখান থেকেও ক্লু খোঁজা হচ্ছে। কোনো কিছুই বাদ দেওয়া হচ্ছে না।