বেশির ভাগ সময়-ই দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে না কেউ-ই। শুধু শুধু ঝামেলায় পড়ার ভয়ে বিপদে পড়া মানুষটাকে এড়িয়ে চলে যান অধিকাংশ মানুষই। মানুষের এই মানসিকতার পরিবর্তন আনতেই অভিনব এক উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার।
দিল্লি সরকারের 'ভালো নাগরিক প্রকল্প' অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সরকার তাকে ২ হাজার রুপি দিয়ে পুরস্কৃত করবে।
শনিবার দিল্লি মন্ত্রীসভার বৈঠকে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে ভর্তি করলেই নগদ ২ হাজার রুপি এবং সাহসিকতার সার্টিফিকেট তুলে দেওয়া হবে সাহায্যকারীর হাতে।
দিল্লি সরকার আশা করছে, এভাবে জনগণের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছেও জাগবে সাধারণের মধ্যে।
ইত্তেফাক/এএম