ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে রাজনৈতিক সভা-সমাবেশ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, যানজটের ভোগান্তি থেকে নগরবাসীকে রক্ষাকল্পে রাজনৈতিক সভা-সমাবেশ সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলিতে করা উচিত।
সোমবার সকালে নগরীর পান্থকুঞ্জ পার্কে নব-নির্মিত অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে সাঈদ খোকন এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকন আরো বলেন, প্রায়শঃই দেখা যায় কিছু রাজনৈতিক কর্মী রাজপথের পুরো রাস্তা দখল করে সভা-সমাবেশ করছে। রাজপথে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানজটের কবলে পড়ে নগরবাসীর নাভীশ্বাস হয়ে ওঠে উল্লেখ করে তিনি বলেন, এতে পরীক্ষার্থীসহ গুরুতর অসুস্থ রোগীরাও গন্তব্যে পৌছতে ভোগান্তিতে পড়েন।
ইত্তেফাক/এএম।