১২ জানুয়ারি শুরু দেশের প্রথম টি-এক্সপো

বাংলাদেশের মানুষেরা আতিথেয়তার জন্য সুপরিচিত। আতিথেয়তার শুরুই হয় সামাজিকতার মাধ্যমে এবং এক কাপ চা এই সামাজিকতায় যাদু এনে দেয়। নতুন বছর ২০১৭ সালের শুরুতেই বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ টি এক্সপো।
 
১২ জানুয়ারি বৃহষ্পতিবার সকাল ১০টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘টি এক্সপো-২০১৭’ এর উদ্বোধন করবেন। এক্সপো চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। চা প্রদর্শনী প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
 
দর্শনার্থীরা ‘টি এক্সপো-২০১৭’-এর ফেসবুক পেজ  www.facebook.com/bdteaexpo এ ফ্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন। এই প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন এবং ১৬টি স্টল অংশগ্রহণ করছে।  
 
বাংলাদেশ একটি উৎসবপ্রিয় দেশ হিসেবে পরিচিত, ক্রিকেট থেকে কনসার্ট সবরকম উৎসবকেই দারুণ থিম সং এর মাধ্যমে স্বাগতম জানানো হয়। টি এক্সপো-এর জন্য দারুণ একটি থিম সং করা হয়েছে। এতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, সালমা। গানটি লিখেছেন রাশিদ খান। ফেসবুক এবং ইউটিউবে গানটি ইতোমধ্যেই যথেষ্ট সাঁড়া পেয়েছে। এক্সপো-এর জন্য একটি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়েছে যাতে অভিনয় করেছেন আয়নাবাজি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাবিলা এবং অভিনেতা অপূর্ব। পরিচালনা করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি। যে বিজ্ঞাপনচিত্র ইতিমধ্যেই সাড়ে চার লাখ বার ইউটিউবে দর্শক দেখেছে। 
 
এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, ফিনলে টি, এইচআরসি, ইস্পাহানী এবং সিলোন টি। ব্যবস্থাপনা সহযোগী হিসেবে রয়েছে ক্রিয়েটো। 
 
ইত্তেফাক/এমএইচ