ঝালকাঠিতে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ যাত্রীর সন্ধান মেলেনি

ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
 
সোমবার সকাল ১০টার দিকে ডুবুরি দল সুগন্ধা নদীর পোনাবালিয়া এলাকা থেকে ট্রলারটি উদ্ধার করে। তবে ঘটনার চারদিন অতিবাহিত হলেও নিখোঁজ তিন যাত্রীর সন্ধান মেলেনি।
 
নিখোঁজ যাত্রীরা হলেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের শ্রমিক রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫)। এ ঘটনায় নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে সদর থানায় জিডি করা হয়েছে।
 
এদিকে নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এদিকে ৪ দিন ধরে স্বজনরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দিনরাত নদীতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে খুঁজে বেড়াচ্ছেন।
 
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. গোলাম রসূল জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা  হয়েছে। সোমবার সকালে ট্রলারটি উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি