বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, চট্টগ্রামের চামড়া শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বন্দর নগরীতে একটি লেদার ভিলেজ গড়ে তোলা হবে।
তিনি বলেন, লেদার ভিলেজ প্রতিষ্ঠার জন্য বেজা ৩০০ থেকে ৫০০ একর জমি প্রদান করবে এবং বহু বিদেশি ফার্ম ইতোমধ্যে এই সেক্টরের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে।
পবন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম এখন মাত্র দুটো লেদার ইনস্টিটিউশন রয়েছে। আমরা চট্টগ্রামে এ অবস্থার বদল এবং চামড়া শিল্পের ক্ষেত্রে এই নগরীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।’
সোমবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের প্রাক্টিস গ্রাউন্ডে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় বেজা’র নির্বাহী চেয়ারম্যান এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
পবন চৌধুরী বলেন, বেজার সারাদেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যার বেশিরভাগ হবে চট্টগ্রামে।
চট্টগ্রামের ডিসি মো. শামসুন আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। চট্টগ্রাম অঞ্চল পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার শাহাবউদ্দিন ও সিটি কমান্ডার মোজাফফর আহমেদ।
ইত্তেফাক/এএম।