নন্দীগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

বগুড়ার নন্দীগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আল-আমিন হোসেন মিলন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 
 
সোমবার বিকেলে উপজেলার থালতাপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।  আল-আমিন হোসেন মিলন নওগাঁ রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। সে নন্দীগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ায় তার দুলাভাই তোতা মিয়ার বাড়িতে থেকে কলেজে পড়া শোনা করতেন। 
 
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার পুন্ডিতপুকুরমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আল-আমিন হোসেন মিলন  গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।