মুন্সিগঞ্জে শীতার্তদের পাশে ছাত্রলীগ

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। সোমবার দুপুরে বিটি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের আয়োজক টঙ্গিবাড়ি উপজেলা ছাত্রলীগ।
 
সাইফুর রহমান সোহাগ বলেন, মানবতার সেবায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ ছাত্রলীগ। একটি মানবিক ছাত্রসংগঠন হিসেবে সবার কাছে সমাদৃত ছাত্রলীগ। সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত আমাদের নেতাকর্মীরা।
 
তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ অপেক্ষা করছে। সেই যুদ্ধ হচ্ছে- নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরোধী অবস্থান এবং মাদকের বিরুদ্ধে অব্যাহত লড়াই। এই তিনটিই হচ্ছে সমাজ ও রাষ্ট্রের প্রধান শত্রু। ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে এই তিন শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারলে আমরা সফল হবো।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল হালদার ভুতু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খাঁন প্রমুখ।
 
ইত্তেফাক/এএম।