ইনজুরি ও অবসাদ মিলিয়ে খেলায় এখনও নিয়মিত হতে পারেননি। তবে একটার পর একটা সুখবর পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। গতকাল আইসিসির নতুন ঘোষিত র্যাংকিংয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের সেরা দশে এসেছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটিতে খেলা বাঁহাতি এই পেসার এগিয়েছেন ১০ ধাপ।
মুস্তাফিজের ঠিক পরেই আছেন সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার। সেরা বিশে বাংলাদেশের আর কোনো বোলার নেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২১ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। পরেরটিতে ৩০ রান দিয়ে থাকেন উইকেট শূন্য। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৫.৫৬ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। সেরা পারফরম্যান্স ছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে—২২ রানে ৫ উইকেট।
আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় মুস্তাফিজ বলেন, ‘র্যাংকিং পারফরম্যান্সে ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সূচক। প্রথমবারের মতো নিজেকে সেরা দশে দেখে আমি খুব খুশি ও অনুপ্রাণিত।’
চোট থেকে মাঠে ফেরার পর এখন পুরোপুরি স্বরূপে ফিরেননি মুস্তাফিজ। তবে এরই মধ্যে ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের ২১ বছর বয়সী এই তরুণ। এর আগেই আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন।
ইত্তেফাক/এএন