মুরাদনগরে প্রতিবন্ধীকে শ্লীলতাহানি, নারীসহ গ্রেফতার ৪

হাইকোর্টের নির্দেশের পর কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় বখাটে নজরুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী।
 
মঙ্গলবার ভোরে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ জেলার হোমনা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। দুপুরের দিকে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
 
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
এর আগে পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ নজরুলকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য নির্দেশ প্রদানের পর পুলিশ তাদের গ্রেফতার করে।
 
উল্লেখ্য, জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার শ্রীকাইল ইউনিয়নের ভাঙ্গানগর গ্রামের বখাটে যুবক নজরুল ইসলাম এক প্রতিবন্ধী কিশোরীকে ২৩ ডিসেম্বর ওই এলাকার অনয় ব্রিকস নামের একটি ইটভাটায় নিয়ে শ্লীলতাহানি করে। এ সময় ওই প্রতিবন্ধী চিৎকার করলে স্থানীয়রা ওই গ্রামের বখাটে নজরুলকে আটক করে। এরপর প্রভাবশালীদের চাপের মুখে নজরুলকে ছেড়ে দেয়া হয়। এ খবর শুনে প্রতিবন্ধীর ভাই নিজাম উদ্দিন প্রতিবাদ করলে তাকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে বখাটে নজরুল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা আহত নিজামকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ভিকটিমের মা তার মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ দাখিলের পর গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়। ভিকটিম আদালতে শ্লীলতাহানির জবানবন্দি দিয়েছে। রবিবার কুমিল্লা মেডিক্যাল কলেজে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত অপর আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ