কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে গোমতী নদী থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বেপরোয়া ট্রাক্টরের চাপায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আয়েশা বেগম (৫০)। নিহত আয়েশা বেগম চান্দপুর গ্রামে মো. ফরিদ মিয়া স্ত্রী।
শুক্রবার সকাল ৮টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তবে ট্রাক্টরের চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক্টর চালক ও মালিকের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে নিহত আয়েশা বেগম বাড়ি থেকে গোমতী বেড়িবাঁধ সংলগ্ন দোকানে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে দেবিদ্বার থানার এসআই এবিএম গোলাম কিবরিয়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে আসেন।
আরও পড়ুনঃ বাবাকে হজ করাতে চেয়েছিলেন নিহত রাব্বি
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর সংবাদ পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু