আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম চক্রান্ত, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। আর তাই আমরা নির্বাচনের মাঠে একা থাকতে চাই না। বিএনপি নেত্রীর উচিত অতীতের নেতিবাচক রাজনীতির পুনরাবৃত্তি না করে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া। কারণ নির্বাচন ব্যতিরেকে ক্ষমতায় যাওয়ার আর কোন পথ খোলা নেই।
মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ১৯৭০ সালের নির্বাচনে এদেশের জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দেয়। কিন্তু তত্কালীন পাকিস্তানের শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করে। এক পর্যায়ে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স) দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দেন। তার আহ্বানে সাড়া দিয়ে বাংলার আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। পাক হানাদাররা বঙ্গবন্ধুকে আটক করে পশ্চিম পাকিস্তানে বন্দি করে রাখে। নয় মাস বন্দি রাখার পর আন্তর্জাতিক চাপে তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি লাভের পর দেশে ফিরে এই ঐতিহাসিক ময়দানে লাখ লাখ জনতার ভালবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু। দীর্ঘ ৪৪ বছর পর আজ সেই ময়দানেই বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় ভাষণ দিচ্ছেন।
ইত্তেফাক/এমআই