নব্য জেএমবি নেতা সারোয়ার-তামিমের ১০ সহযোগীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ হাকিম ফাইরুজ তাসনিম তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর মধ্যে নারী জঙ্গি সদস্য জান্নাতুল মহল ওরফে জিন্নাহকে দুই দিনের ও রাজধানী উত্তরার ইংরেজি মাধ্যমের লাইফ স্কুলের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলামসহ বাকিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি উনু মং ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
আসামিরা রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার 'পরিকল্পনাকারী ও যোগানদাতা' নব্য জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা নিহত তামিম চৌধুরী এবং আশুলিয়ায় নিহত সংগঠনের আমির সারোয়ার জাহান গ্রুপের সদস্য ও অনুসারী ছিল বলে র্যাব সূত্র জানায়।
অন্যান্য আসামিরা হলেন- শরিফুল ইসলাম (৪০), মিজানুর রহমান (৪৩), জিয়াউর রহমান (৩১), আবু সাদাত মো. সুলতান আল রাজী ওরফে লিটন (৪১), আল মিজানুর রশিদ (৪১), মো. কৌশিক আদনান সোবহান (৩৭), মেরাজ আলী (৩০), মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ (৩৭) ও মো. শাহরিয়ার ওয়াজেদ খান (৩৬)।
উল্লেখ্যে, রবিবার রাতে রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। -বাসস।
ইত্তেফাক/এসএস