সাঁওতাল নেতা দ্বিজেন টুডুর জামিন মঞ্জুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশি কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে দায়ের হওয়া মামলায় গ্রেফতারকৃত সাওতাল জনগোষ্টির নেতা দ্বিজেন টুডু জামিন মঞ্জুর করেছেন আদালত।
 
মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (গোবিন্দগঞ্জ চৌকি আদালতের) বিচারক এসএম তাসকিনুল হক তার জামিন মঞ্জুর করেন।
 
দ্বিজেন টুডুর আইনজীবী আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬ নভেম্বর আখ কাটা নিয়ে সংঘর্ষের পুলিশের ছররা গুলিতে আহত সাঁওতাল দ্বিজেন টুডু ইতিমধ্যেই বাম চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন। পুলিশি কাজে বাঁধা দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গুলিবিদ্ধ দ্বিজেন টুডুকে রংপুরে চিকিত্সাধীন অবস্থায় গ্রেফতার করেছিল। এরপর পুলিশি হেফাজতে দীর্ঘদিন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিত্সা শেষে গত সোমবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে গোবিন্দগঞ্জ পাঠানো হয়। গোবিন্দগঞ্জ থানায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার তাকে আদালতে নেয়া হয়। আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
 
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের ওই খামারের জমিতে আখ কাটাতে কেন্দ্র  করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এসময় তীরবিদ্ধ হয় ৯ পুলিশ। গুলিবিদ্ধ হন চারজন সাঁওতাল। তিনজন সাঁওতাল মারা যায়।  (ওই সংঘর্ষে গুলিবিদ্ধ এই সাওতাল রংপুর ও ঢাকায় চিকিত্সা নেন।) এছাড়া উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে ওইদিনেই বিকাল থেকে রাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে সাওতালদের কাছ থেকে অধিগ্রহন করা সাহেবগঞ্জ ইক্ষু খামারে গড়ে তোলে সাওতালদের বাড়ী ঘরে আগুন দিয়ে ওই জমি থেকে উচ্ছেদ করা হয়।
 
ইত্তেফাক/এএম।