পাটের হারানো গৌরব ফিরে পেতে উদ্যেক্তাদের উৎপাদিত বিভিন্ন ডিজাইনের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে একটি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজউদ্দিন প্রমানিক এ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করবেন।
মঙ্গলবার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র সম্মেলনে কক্ষে এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা জানান।
তিনি বলেন, এই কেন্দ্রের মাধ্যমে দেশি-বিদেশি ক্রেতাদের একই জায়গা থেকে পছন্দমতো বহুমুখী পাটপণ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাটের হারানো গৌরব ফিরে পেতে এই বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, আশির দশক থেকে স্বল্প মূল্যের প্লাস্টিক ও সিনথেটিক দ্রব্যের আর্বিভাবের ফলে পাটের সুদিন ক্রমাগত ম্লান হতে শুরু করে। ২০০২ সালে পাটের দাম, চাহিদা এবং উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে নেমে যায়।
তিনি বলেন, পরিবেশ বান্ধব পাটের ব্যবহার বহুমুখীকরণ ও উচ্চ মূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধি ছাড়া শুধু মাত্র সনাতনী পণ্য উৎপাদন করে পাটকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। ইতিমধ্যে জেডিপিসি ১৩৫টি বিভিন্ন ডিজাইনের বহুমুখী পাটপণ্য উৎপাদন করেছে। এসব পাটপণ্য দেশে-বিদেশে সমাদৃত হয়েছে।
ইত্তেফাক/এমআই