সাতক্ষীরার শ্যামনগরে পাতানো লটারীর মাধ্যমে প্রায় নয় কোটি টাকার কাজ ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প অফিসের তত্ত্বাবধানে সোমবার দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই এসব কাজের জন্য লটারী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২০১৬-১৭ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসুচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে ২৭টি ব্রিজ/কালভার্ট নির্মাণ এর জন্য গত ডিসেম্বরে দরপত্র আহবান করা হয়। গত ২৮ ডিসেম্বর দরপত্র ক্রয় এবং ২৯ ডিসেম্বর দরপত্র জমা দেয়ার সময়সীমা শেষ হয়।
জানা গেছে, উপজেলায় মোট ২৭টি কাজের জন্য সর্বমোট ২৭৩৪টি শিডিউল ক্রয় করেন একশ বাইশ জন ঠিকাদার। প্রতিটি শিডিউল দেড় হাজার টাকার দরে কিনে তারা দেড় থেকে দুই লাখ টাকার বিডিসহ টেন্ডার জমা দিলেও অজ্ঞাত কারনে লটারী নিয়ে লুকোচুরি করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এমন আশংকার কথা তারা আরও আগেই জেলা প্রশাসককে লিখিত ভাবে অবহিত করেছিলেন বলেও দাবি তাদের।
মাহমুদুল হাসান, নুর মোহাম্মদসহ ক্ষুব্ধ ঠিকাদাররা অভিযোগ করেছেন, বিধি মোতাবেক দরপত্র যাচাই-বাছাইয়ের পর লটারীর পূর্বে শিডিউল ক্রয়কারী সকল ঠিকাদারের জ্ঞাতার্থে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। কিন্তু গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উপজেলা প্রকল্প কর্মকর্তা জাফর রানা পূর্ব নির্ধারিত ত্রিশ/বত্রিশ জন ঠিকাদার নিয়ে আকস্মিকভাবে ৯ জানুয়ারী লটারীর ব্যবস্থা করেন।
ইত্তেফাক/এএন