নেত্রকোনায় ব্যাটারিচালিত রিকশা শহরে এবং গ্রামগঞ্জের সড়কে দাপটের সঙ্গে চলছে। সরকারের অনুমোদন না থাকা সত্ত্ব্বেও প্রতিদিন ১৫ থেকে ২০টি রিকশা নামানো হচ্ছে। আর এ কারণে শহরের সড়কে চলাচলের সুযোগ না থাকা সত্ত্বেও এই সমস্ত বাহন সৃষ্টি করছে মারাত্মক যানজট। নেত্রকোনায় এই রিকশাযান নির্মাণে একাধিক অননুমোদিত কারখানা রয়েছে।
এক সময় জেলা শহরে শুধু পায়ে চালিত রিকশা যাত্রী নিয়ে চলাচল করতো। গত কয়েক বছরে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা আসতে থাকে এবং জেলা শহরে প্রায় ৪ হাজার অটোরিকশা চলছে বলে জানা গেছে। এখন সড়কে যে দিকেই তাকানো যায় শুধু অটো আর অটো। হেঁটে চলারও সুযোগ নেই। এখন নতুন করে আবার ব্যাটারিচালিত রিকশাও নেমেছে শহরের রাস্তায়। এমনকি গ্রামগঞ্জেও পায়ে চালানো রিকশার খুব কমই দেখা যায়।
পৌরসভা এলাকার মধ্যে চলাচল করতে পারবে এমন ব্যাটারিচালিত অটোরিকশা এবং ব্যাটারি ও পায়ে চালিত রিকশার লাইসেন্স রয়েছে মাত্র দেড় হাজারের। কিন্তু চলছে ৪ হাজার। কেউ লাইসেন্স বিহীন রিকশা যান বন্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে না। এ সমস্ত যানবাহনের ব্যাটারিগুলোর চার্জ নিতে হচ্ছে প্রতিদিন। ব্যাটারি চার্জ করতে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। বেআইনিভাবে এ চার্জ চুপিসারে দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এএন