বড়পর্দার কোনো খবরে না থাকলেও ছোটপর্দায় এখন প্রায় দেখা যাচ্ছে চিত্রনায়ক রিয়াজকে। খুব একটা নিয়মিত না হলেও মাঝে মাঝেই তাকে দেখা যাচ্ছে বিভিন্ন নাটকে। বিশেষ দিবস এলে সেই সংখ্যাটা বেড়ে যায় আরো।
সম্প্রতি ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ ও মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘কান পেতে রই’। এর চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন মাতিয়া বানু শুকু। নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘অনেকদিন পর রোমান্টিক গল্পে কাজ করেছি। খুব ভালো লেগেছে কাজটি করে। মেহজাবীন অভিনয়ে আগের চেয়ে এখন অনেক দক্ষ হয়েছেন। যে কারণে আমরা দু’জনই কাজটি বেশ উপভোগ করেছি। আর বড়পর্দায় কাজ করতে চাই। কিন্তু আমাকে যে ধরনের গল্পে এখন মানাবে সেরকম গল্প আমার কাছে আসছে না। তাই ছোটপর্দায় কাজ করে এখন স্বাচ্ছন্দবোধ করছি।’ অন্যদিকে মেহজাবীন বলেন, ‘রিয়াজ ভাই অনেক মেধাবী এবং উঁচু মাপের একজন অভিনেতা। কিন্তু কাজ করার সময় তিনি এতটাই সহযোগিতাপরায়ন ছিলেন যে, আমাকে বুঝতেই দেননি তিনি আমি তার মতো একজন শিল্পীর সঙ্গে অভিনয় করছি।’
ইত্তেফাক/এএন