যশোরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত নিহত হয়েছে। নিহত রাশেল ওরফে রনি (৩০) উপজেলার মাঠপাড়ার কুমর আলীর ছেলে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলাধীন যশোর-চৌগাছা সড়কের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সলুয়া বাজারের মাঝামাঝি জগহাটি এলাকায় দুই দল ডাকাত গোলাগুলি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে ডাকাত রাশেলের লাশ পাওয়া যায়। এবং দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দেশীয় কয়েকটি অস্ত্র পাওয়া যায়।
 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রাশেল আট মামলার আসামি। তিনি বলেন, ঘটনাস্থল যশোর সদর ও চৌগাছা উপজেলা সীমান্তবর্তী হওয়ায় দুই থানার পুলিশই এ অভিযানে অংশ নেয়।
 
ইত্তেফাক/এএসএমইউ