ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাগমারা বাজারের কুতুবদ্দীন মার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মার্কেটের মালিক ও ভাড়াটিয়ারা দাবি করেছেন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কুতুবদ্দীন মার্কেটের একটি তুলার দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত আরো তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের দোকানদার ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ততক্ষণে মার্কেটের চারটি দোকানই ছাই হয়ে যায়।
মার্কেটের মালিক কুতুবদ্দীন বলেন, তার চারটি দোকানঘর ও মার্কেটের জেনারেটর আগুনে পুড়ে গেছে। তাতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাত সাড়ে সাতটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতি গ্রস্তব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাৎক্ষনিকভাবে তাদের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল প্রদান করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে।
ইত্তেফাক/এএসএমইউ