শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সন্ত্রাসের পথ থেকে ছাত্রদের দূরে রাখতে তাদের মধ্যে নৈতিকতা উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।
ছাত্ররা যাতে কোন অনৈতিক তৎপরতায় জড়িত না হয় সেজন্য ভাল মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
জঙ্গিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি শীর্ষক শিক্ষকদের এক সমাবেশে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বুধবার চট্টগ্রামের নাসিরাবাদ গার্লস কলেজ ক্যাম্পাসে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সমাবেশের আয়োজন করে।
এসময় নাহিদ বলেন, 'আপনারা (শিক্ষক) ছাত্রদের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আপনাদের এটা নিশ্চিত করতে হবে যে, আপনারা যেসব ছাত্র তৈরি করছেন তাদের যেন নৈতিক মান বজায় থাকে। তারা যেন মানবতার প্রতি সহানুভূতিশীল চিন্তাভাবনা নিয়ে বেড়ে ওঠে।' ছাত্ররা যাতে লেখাপড়ার প্রতি মনোযোগী হয় শ্রেণীকক্ষে সেরকম পরিবেশ তৈরি করতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
তিনি স্কুলে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। 'ছাত্ররা যাতে ভুল পথে না যায়, সেজন্য তাদের সঠিক শিক্ষা' দেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, শিক্ষা সচিব এম সোহরাব হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিন বক্তৃতা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস