আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগে আওয়ামী লীগের পূর্ণ আস্থা থাকবে।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধান ও বিরাজমান সব আইন কানুনের ওপর শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সুগভীর প্রজ্ঞা ও সুবিবেচনার প্রতি আওয়ামী লীগের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি গৃহীত যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগের প্রতি এই দলের পরিপূর্ণ সমর্থন থাকবে।'
ওবায়দুল কাদের বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আওয়ামী লীগের বৈঠকের বিষয় তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, 'আমরা আমাদের প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেছি। আমাদের প্রস্তাব গ্রহণ করা বা না করার সম্পূর্ণ এখতিয়ার রাষ্ট্রপতির। যা ভালো মনে হয় তিনি তাই করবেন।'
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ের বিষয়ে তিনি বলেন, 'রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেয়া হয়েছে, সময় স্বল্পতার কারণে আগামী নির্বাচন কমিশন পুনর্গঠনের ক্ষেত্রে তা সম্ভব না হলে পরবর্তী নির্বাচন কমিশন পুনর্গঠনের সময় যেন এর বাস্তবায়ন করা সম্ভব হয়।'
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস