কালীগঞ্জে যুবলীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাসুম আকন্দের স্ত্রী নাসিমা আক্তারের (৩৬)  লাশ  উদ্ধার করা হয়েছে। 
 
বুধবার বিকেলে স্থানীয় একটি মসজিদের সেফটিক ট্যাংক থেকে তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যুবলীগ নেতা মাসুমকে আটক করা হয়েছে। 
 
নাসিমা আক্তার ওই যুবলীগ নেতার দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে তাদের বিয়ে হয়। নাসিমা আক্তার নাগরী ইউনিয়ন পরিষদে সাবেক সদস্য ছিলেন। নাছিমা উপজেলার সেনপাড়া গ্রামের মো. সোবহান আলীর মেয়ে। 
 
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. গোলাম মাওলা জানান, মাসুমের স্ত্রী নাসিমা আক্তার গত  ১০ নভেম্বর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের দুই মাস পর তার মরদেহ বুধবার বিকেলে রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের অদূরে সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে স্থানীয় এক নারী  ট্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় গলিত লাশ দেখে প্রথমে এলাকাবাসী ও পরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ট্যাংক থেকে নাসিমার মরদেহ উদ্ধার করে।
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, নাসিমা নিখোঁজের পর কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছে তার ভাই। ঘটনার পর যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি