সমালোচনার মুখে পরিণীতি

 
কালো পোশাকের সঙ্গে সানগ্লাসে ঢাকা দুই চোখ। মাথায় ছাতা ধরে অন্য একজন ব্যক্তি। শুটিংয়ের ফাঁকে দুবাইয়ের বিচে এভাবেই ঘোরাফেরা করছিলেন পরিণীতি চোপড়া। আর সেটি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই সমালোচনার মুখে পড়েন তিনি। একসময় পোস্ট সরিয়ে দিতে বাধ্য হন তিনি। 
 
ভিডিওটি নিয়ে এত বির্তক হবে সেটি বোধহয় ভাবতে পারেননি ‘ইশকজাদে’র নায়িকা। অক্ষয় রাজ পরিচালিত ‘মেরি পেয়ারি বিন্দু’র শুটিংয়ের জন্য দুবাইয়ে অবস্থান করছেন পরিণীতি।  শুটিংয়ের শেষে বিচেই খানিকটা হেঁটে বেড়াচ্ছিলেন পরিণীতি। সঙ্গে ফিল্ম ইউনিটেরই এক অ্যাসিস্ট্যান্ট। কড়া রোদের হাত থেকে নায়িকাকে বাঁচাতে তার মাথায় ছাতা ধরে হাঁটছিলেন তিনি। কাঁধে তিনটি ব্যাগ। তার মধ্যে একটি লেডিস হ্যান্ডব্যাগও ছিল। যা দেখে পরিণীতিরই বলে মনে হয়েছে অনেকের। হাঁটতে হাঁটতেই নিজের সেই ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা।
 
তারপরেই ইনস্টাগ্রামে একের পর এক ঝাঁঝালো মন্তব্য ছুটে আসে। একজন ব্যঙ্গ করে বলেন, নিজের ছাতা নিজে ধরলে আপনার স্টার ইমেজ খসে পড়বে না!  অন্য জনের খোঁচা, ছাতাটার ওজন বোধহয় ১০০ কেজি ছিল!
 
বেগতিক দেখে ইনস্টাগ্রাম ওই ভিডিও সরিয়েও তার জায়গায় অন্য ছবি দিলেও কমেনি সমালোচনা। 
 
ইত্তেফাক/এএসএস