জিয়া চ্যারিটেবল মামলা: খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ

 
জিয়া চ্যারিটেবল মামলায় শপথ আইন অনুযায়ী সাক্ষিদের পুনরায় সাক্ষ্য নেয়া আদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
 
বৃহস্পতিবার বিচাপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছে। এছাড়া শপথ আইন এবং ২০০৯ সালে সুপ্রিমকোর্টের জারি করা এক সার্কুলারের ভিত্তিতে দেশের সকল আদালতে বিচারকরা সাক্ষিদের সাক্ষ্য গ্রহণ করে তা নিশ্চিত করতে আইন সচিব ও সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।
 
এর আগে এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত রাষ্ট্রপক্ষের ৩২ সাক্ষির সাক্ষ্য গ্রহণ করে। কিন্তু শপথ আইন অনুযায়ী সাক্ষিদের সাক্ষ্য নেয়া হয় নাই অভিযোগে তা বাতিল চান খালেদা জিয়া। একইসঙ্গে পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদনও জানান। পরে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার গত নভেম্বর মাসে আবেদনটি খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন মামলা করেন। রিভিশন মামলায় খালেদার পক্ষে এজে মোহাম্মদ আলী, এম বদরুদ্দোজা বাদল এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট খালেদার আবেদনের ওপর কোনো রুল ইস্যু না করেই সরকারি খারিজ করে দেন। এর ফলে বিচারক আদালতে এই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য গ্রহণের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না।
 
তবে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছে, তারা এই খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।
 

ইত্তেফাক/এএম।