g আবুল কাসেম ভূঁইয়া
বাংলাদেশে উত্পাদিত কৃষিজাত পণ্যের মধ্যে নরসিংদী জেলার বিখ্যাত কলম্বো লেবু এখন পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এটি আমাদের অর্থনীতির জন্য সত্যিই সুসংবাদ। প্রাপ্ত তথ্য থেকে জানা নরসিংদীতে উত্পাদিত কলম্বো লেবু পৃথিবীর ২০টি দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে এই কলম্বো লেবু বেশি রপ্তানি হচ্ছে। তাছাড়া মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে এই লেবু রপ্তানি হচ্ছে। বাংলাদেশে উত্পাদিত অন্যান্য লেবুর তুলনায় কলম্বো লেবু সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী লেবু। কলম্বো লেবু আকারে বড়, বেশি রসালো এবং সুগন্ধিযুক্ত। তাছাড়া এর বাকল পুরু এবং ঘনসবুজ। নরসিংদী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার মাটি এবং আবহাওয়া এই লেবু চাষের জন্য খুবই উপযোগী।
নরসিংদী জেলার ছয়টি উপজেলার মধ্যে বর্তমানে চারটি উপজেলা শিবপুর, বেলাব, মনোহরদী এবং রায়পুরায় ৩৬০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে কলম্বো জাতের লেবুর চাষ হচ্ছে। এসব উপজেলায় ছোটবড় প্রায় একহাজার আটশ লেবুর বাগান রয়েছে। প্রায় দেড়হাজার চাষি এই লেবু চাষের সাথে জড়িত আছে। এই লেবু চাষ করে ভালো ফলন ও দেশ-বিদেশের বাজারে ভালো ফল পাওয়ায় প্রতিবছরই লেবু চাষে এই এলাকার কৃষকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। রপ্তানিযোগ্য লেবু উত্পাদন কর্মসূচির আওতায় জেলার লেবু চাষি, কৃষি কর্মকর্তা ও লেবু রপ্তানি কারকদেরকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করছে কৃষি অধিদপ্তর। বিভিন্ন সময়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নরসিংদী জেলায় কলম্বোর জাতের লেবুর বাগানে এসে পরিদর্শন করে গেছেন। পরে তারা রোগমুক্ত ও সুস্বাদু হওয়ার কারণে নরসিংদীর কলম্বো লেবু কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকে এখানে উত্পাদিত লেবু বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে। দেশীয় পাইকারিরা বাগান থেকে লেবু কিনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানি করে থাকেন।
নরসিংদী জেলার কলম্বো লেবুর চাষিরা জানান, এই লেবু চাষ করে তাদের ভাগ্য বদলে গেছে। এই লেবু তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। লেবু চাষ করে কৃষকরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হচ্ছে। এই লেবু চাষে কৃষকরা জড়িত হওয়ার কারণে বেকার সমস্যার অনেকটা সমাধান হচ্ছে। এলাকার লেবু চাষিরা জানান, প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ২০ হাজার টন কলম্বো লেবু রপ্তানি করা হয়। এতে রপ্তানি আয় হয় প্রায় ৩০ হাজার ডলার।
নরসিংদীর এক লেবু চাষি বলেন, আমি প্রথমে ৬ বিঘা জমিতে লেবু চাষ করি। বিদেশের বাজারে রপ্তানি, ন্যায্যদাম ও ভালো ফলন পাওয়ায় পরবর্তীতে লেবুর চাষের জন্য বাগান বৃদ্ধি করে ৩৫ বিঘা জমিতে লেবু চাষ করছি। বিঘা প্রতি দেড়লাখ টাকা খরচ করে সাড়ে তিনলাখ টাকা আয় করতে পারছি। অপর একচাষি বলেন, লেবু চাষ করে উত্পাদন খরচ বাদ দিয়ে ৭ থেকে ১০ লাখ টাকা আয় করতে পারছি। চাষিরা বলেন, কলম্বো জাতের লেবু চাষে বেশ লাভ হয়। এই লেবুর চাষ আরো সম্প্রসারণ করে বিদেশে রপ্তানি উদ্যোগ নিলে আমাদের অর্থনীতিতে নতুন মাত্রা সংযোজিত হতো। এ ব্যাপারে সরকার একটু উদ্যোগী হলে লেবু চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হতেন তেমনি আমাদের রপ্তানি বাণিজ্যে নতুন চমক সৃষ্টি হতো।