কুমিল্লা সীমান্তে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচং সীমান্তের ওপারে জসিম উদ্দিন (৪০) নামের এক বাংলাদেশিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। বুধবার দুপুরে ভারতের কমলছড়া থানার নজিরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহত জসিম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। বৃহস্পতিবার বিকালে বিএসএফ কুমিল্লার বুড়িচং সীমান্তের শংকুচাইল বিওপির হায়দরাবাদ এলাকা দিয়ে বিজিবির নিকট নিহতের মরদেহ হস্তান্তর করেছে।
 
জানা যায়, ভারতের নজিরপুর এলাকায় গত বুধবার দুপুরে জসিম উদ্দিনকে (৪২) বেধড়ক মারধর করে ভারতীয়রা। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের বক্সনগর হাসপাতালে ভর্তি করে। পরে গভীর রাতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যায়। মৃত্যুর পূর্বে তার দেয়া নাম-ঠিকানা বিএফএস শংকচাইল বিজিবিকে অবহিত করলে পরে বিজিবি তা বুড়িচং থানা পুলিশকে জানায়। বুড়িচং থানা পুলিশ নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার পর নিহতের ছেলে ও ভাই বৃহস্পতিবার বুড়িচংয়ে পৌছে সীমান্তে গিয়ে মরদেহ সনাক্ত করে। এদিকে বৃহস্পতিবার বিকালে বিএসএফ নিহত জসিমের মরদেহ বিজিবির নিকট হস্তান্তর করার পর বিজিবি মরদেহের ময়নাতদন্তের জন্য বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
 
এদিকে নিহতের ভাই নুর আলম পুলিশকে জানিয়েছে, জসিম উদ্দিন মানসিক ভারসাম্যহীন। ৫/৬দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়। বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, নিহতের মাথায় আঘাতের চিহূ রয়েছে, ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
 

ইত্তেফাক/এএম।