জঙ্গিরা নজরদারিতে রয়েছে: র‌্যাব ডিজি

জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে র‌্যাবের মহা পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, 'দেশি-বিদেশি কিংবা আঞ্চলিক যার বিরুদ্ধেই জঙ্গিবাদে জড়িত থাকা ও মদদের প্রমাণ মিলবে তাকেই গ্রেফতার করা হবে। জঙ্গি নেটওয়ার্কের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।'
 
তিনি বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে 'মহাজোট সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ও জঙ্গি নির্মূলে জিরো টলারেন্স' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
দৈনিক নিউএজ পত্রিকার ফটো-সাংবাদিক আলী হোসেন মিন্টুর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে জাসদ ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম সুমন সভাপতিত্ব করেন। এসময় বেনজীর আহমেদ বলেন, 'গুলশান ও আশুলিয়ায় হামলার পর নব্য জেএমবি'র সদস্যরা পুনর্গঠিত হয়ে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে। তারপরও তারা সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে বড় ধরনের হামলা করতে না পারে সে জন্য তাদের ওপর র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া পুরাতন জেএমবি সদস্যদের প্রতিও নজর রাখা হয়েছে।'
 
জেএমবি সদস্যদের সহযোগিতা করে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরেও গোয়েন্দা নজরদারি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'ইতোমধ্যে জেএমবি সদস্যদের অর্থ সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে। নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস