বিশ্ব বধির ক্রিকেট টি-২০ তে রানার্স-আপ হওয়ায় বাংলাদেশ বধির ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের একটি হোটেলে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন এই সংবর্ধনা দেয়। গত ২০১৫ সালের ২১-২৭ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত ১ম বধির টি-২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ বধির ক্রিকেট দল রানার্স আপ হয়। অনুষ্ঠানে ক্রিকেটারদের ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।
বধির খেলোয়ারদের পক্ষে সাংকেতিক ভাষায় বক্তব্য দেন দলের অধিনায়ক শাহরিয়ার আহমেদ চৌধুরী। বিদেশের মাটিতে ভাল খেলে দেশের জন্য সম্মান বয়ে আনলেও বধির ক্রিকেটারদের আশানুরূপ স্বীকৃতি মিলছে না বলে দুঃখবোধ করেন শাহরিয়ার। এ সময় তিনি বধির ক্রিকেটারদের ভালমানের প্রশিক্ষণসহ যাবতীয় আর্থিক সহযোগিতা দেয়ারও আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এক সময় অবহেলার পাত্র ছিল। সকল কাজে তাদেরকে অবজ্ঞা করা হতো। বর্তমান সরকার প্রতিবন্ধীদের সুবিধাবঞ্চিত রাখতে চান না, অবহেলিত রাখতে চান না। প্রতিবন্ধীদের শুধু কৌটার আওতায়ই নয়, তাদেরকে স্বাবলম্বী হতে বিভিন্ন ধরণের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। প্রতিবন্ধীদের পড়াশোনা, চাকরির নিশ্চয়তা তাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রতিবন্ধী খেলোয়ারদের মাসিক আর্থিক অনুদান দেয়া হবে বলেও জানান সচিব।
ইত্তেফাক/এএম।