সিদ্ধিরগঞ্জে গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

সিদ্ধিরগঞ্জে গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে ‘বিনিময় জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করেছে ডাকাতরা।
 
বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা মুখোশ পড়া ছিল বলে জানিয়েছেন ওই দোকানের কর্মচারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে। 
 
এলাকাবাসী জানান, মাগরিবের নামাজের পর সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার বড় মসজিদ এলাকার বিনিময় জুয়েলার্সে ১০-১২ জন একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ওই দোকানের সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতেরা অস্ত্রের মুখে দোকানের কর্মচারী অধির, অর্জুন, মানব, পবিত্র ও সুদীপকে জিম্মি করে দোকানের আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও টাকা লুটে নেয়।
 
ওই জুয়েলারী দোকানের মালিক কার্তিক চন্দ্র দাশ জানান, দোকান থেকে এক লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়া হয়েছে।
 
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, মাগরিবের নামাজের সময় কয়েকজন দুর্বৃত্ত এসে এ কাজ করেছে।
 
ইত্তেফাক/ইউবি