বিশ্ব ইজতেমা উপলক্ষে ইজতেমা মাঠে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব, পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টঙ্গীর তুরাগ তীরে বিগত বছরের মত তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমায় র্যাব ইজতেমা মাঠকে ২টি সেক্টরে ভাগ করে জল, স্থল ও আকাশ পথে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠান নিশ্চিত করতে এই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বোম ডিস্পোজাল এবং ডগ স্কোয়াড ইউনিট মোতায়েনের পাশাপাশি ইজতেমা মাঠে এবং মাঠের কয়েকটি নিয়ন্ত্রণ কক্ষ, ৯টি ওয়াচ টাওয়ার এবং বিপুল সংখ্যক সিসি টিভি স্থাপন করা হয়েছে।
যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ এবং র্যাবের একাধিক টিমকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। তুরাগ নদীতে র্যাবের দুটি স্পিড বোট টহল দেবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হেলিকপ্টার ইজতেমা মাঠের আকাশে টহল দেবে।
বিদেশীদের জন্য নির্ধারিত স্থানে স্থল ও নদী পথে যে কোন ধরনের অবৈধ প্রবেশ বন্ধে এবং ছিনতাই, পকেটমার ও অজ্ঞান পার্টির মতো অপরাধ বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকার তুরাগ নদীর তীরে আগামী ১৩ থেকে ১৫ এবং ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দু'দফায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান যোগ দেবেন।-বাসস।
ইত্তেফাক/এসএস