করদাতাদের তহবিল ব্যবহার করে নিজের জন্য অ্যাপার্টমেন্ট কেনার অভিযোগে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুসান লি। শুক্রবার তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
লি’র কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, লি’র পদত্যাগ একটি সঠিক সিদ্ধান্ত এবং তার সেবার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। লি কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে সরকারি অর্থ ব্যয় করে অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন বলে অভিযোগ আনা হয়। সামপ্রতিকালে দেশটির রাজনীতিতে ব্যাপকহারে কেলেঙ্কারির ঘটনা ঘটছে। এরফলে প্রধানমন্ত্রী টার্নবুল যুক্তরাজ্যের ব্যবস্থায় একটি স্বাধীন পর্যবেক্ষক গ্রুপ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন। এর কাজ হবে পার্লামেন্টের ব্যয় সংক্রান্ত বিষয়াদি তদারকি করা।
এ অভিযোগের ঘটনায় প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার জনগণ আশা করে তাদের প্রেরিত কর দক্ষ, কার্যকরী ও নৈতিকভাবে সরকারি কাজে ব্যবহূত হবে। আমাদেরকে করদাতাদের অর্থ যত্নসহকারে ও জবাবদিহিতার সঙ্গে ব্যবহার করা উচিত। এদিকে পদত্যাগপত্রে লি বলেছেন, মন্ত্রীদের কোড অব কন্ডাক্ট বিবেচনায় নিয়ে আমি কোন নিয়ম ভাঙ্গিনি। আমি সবসময় নিয়মনীতি ও আদর্শ মেনে অতিসতর্ক থাকার চেষ্টা করেছি। যাইহোক, এসব কাহিনী সরকারের মধ্যে ক্ষোভের কারণ সৃষ্টি করেছে। তাছাড়া তিনি অ্যাপার্টমেন্ট ক্রয়ের বিষয়টিকে “বিবেচনার ভুল” বলে বর্ণনা করেন, কেননা কখনোই তিনি এ ধরনের কোন পরিকল্পনা করেননি।
ইত্তেফাক/এএম।