রাজধানীর পূর্ব নাখালপাড়ায় স্ত্রী আখলিমার (৩৫) শরীরে এসিড ঢেলে দিয়ে পালিছেয়ে তার স্বামী আব্দুল কুদ্দুস। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এসিড দগ্ধ আখলিমাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে।
ঘটনা সম্পর্কে আখলিমার ভাই ইমন জানান, স্বামী ও সন্তান নিয়ে আকলিমা পূর্ব নাখালপাড়ায় একটি বাড়ির দোতলায় ভাড়া থাকেন। দুপুর ১টার দিকে কদ্দুস আখলিমার শরীরে এসিড ঢেলে পালিয়ে যায়।
তিনি আরো জানান, কুদ্দুস ৬-৭ মাস আগে মালয়েশিয়া গিয়েছিল। সেখানে জেল খেটে দেশে ফিরেছে। এরপর থেকেই ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতো। এ নিয়ে তার বোনের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো।
ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটের চিকিত্সকরা জানিয়েছেন, আখলিমার মুখ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার চিকিত্সা চলছে। তবে আশঙ্কাজনক নয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ জানান, আখলিমার তিন ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছেন। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা। নাখালপাড়ায় একটি ছোট রুম নিয়ে থাকতেন। তার স্বামী আব্দুল কুদ্দুস মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর টুকটাক ব্যবসা করতেন। পাশাপাশি কারখানায় কাজ করেন। কিন্তু কুদ্দুস তাকে সন্দেহ করতেন। এ কারণেই প্রায়ই স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া লেগে থাকতো। দুপুরে আকলিমার মুখে এসিড ছুড়ে পালিয়ে যান কুদ্দুস। তাকে গ্রেফতারের চেস্টা চলছে। আখলিমার বাবা মোহাম্মদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ইত্তেফাক/এএম।