লক্ষ্মীপুরপুরে চার দিন ধরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করে রেখেছে স্থানীয়রা।
সদর উপজেলার টুমচর গ্রামের একটি বাগানে গাছ কাটতে গিয়ে বাঘটিকে দেখে আটক করেন মনির হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানির পর বিরল এ প্রাণিটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান তার বাড়িতে। পরে শুক্রবার দুপুরে গণমাধ্যম কর্মীদের ডেকে বাঘটিকে সংরক্ষণ করার দাবি জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে স্থানীয় আনায়ারুল হক ডাক্তার বাড়ির বাগানের গাছ কাটতে যায় মনির হোসেন। এ সময় বাঘটিকে দেখতে পেয়ে কৌশলে তাকে আটক করে খাঁচায় বন্দি করে বাড়িতে নিয়ে আসেন তিনি।
মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে কালো-হলুদ ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। তবে এ প্রাণিটি কোন প্রজাতির তা জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তফা আশরাফ বলেন, এ ধরনের প্রাণি সাধারণত লোকালয়ে আসে না। বাঘটি খাবারের খোঁজে অথবা দলচ্যুত হয়ে কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে লোকালয়ে ঢুকতে পারে।
ইত্তেফাক/ইউবি