রাজধানীতে হোটেল থেকে ঠিকাদারের লাশ উদ্ধার

রাজধানীর ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে পুলিশ শফিক আহমেদ চৌধুরী (৫০)  নামে ঠিকাদারের লাশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে দিকে  ‘হোটেল ফার্মগেট’ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

শফিক আহমেদ চট্টগ্রামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ঠিকাদার ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 
 
এ ব্যাপারে তেজগাঁও থানার অপারেশন অফিসার সেন্টু মিয়া জানান, গত তিন দিন আগে হোটেলের ৭১০ নম্বর কক্ষটি ভাড়া নিয়েছিলেন শফিক আহমেদ চৌধুরী। শুক্রবার দুপুরে তার হোটেল ছেড়ে দেয়ার কথা ছিল। এ অবস্থায় দুপুর ১২টার দিকে হোটেলের কর্মচারীরা তার রুমের  দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে  হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। 
 
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুমের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন। 
 
তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
 
হোটেলের সুপারভাইজার সঞ্জয় কুমার ও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত ব্যক্তি গত তিনদিন আগে হোটেলে ওঠেন। তার ঠিকানা চট্টগ্রামের লালখান বাজার। শুক্রবার তার হোটেল ছেড়ে দেয়ার কথা। এ জন্য তিনি ভাড়াও পরিশোধ করেছেন। সকালে তাকে ডাকা-ডাকি করে দরজা না খোলায় পুলিশে খবর দেই।
 
 
ইত্তেফাক/কেকে