জব্দ করা ৯ কোটি টাকার গাড়িতে আগুন

 
শুল্ক ও গোয়েন্দা বিভাগের জব্দ করা ৯ কোটি টাকার একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন হোটেল রেডিসনের উল্টো পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হক জানান, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুর্মিটোলার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, গাড়িটি ছিল শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের জব্দ করা। আগুনের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
 
শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক সাইফুর রহমান জানান, গাড়িটি অনেক আগে জব্দ করা হয়েছিল। শুক্রবার সেটি কাকরাইলস্থ অফিস থেকে গোডাউনে নেয়া হচ্ছিল। পথিমধ্যে গাড়িতে আগুন ধরে যায়। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।