বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তিনি নিশ্চিত যে পরবর্তী ট্রাম্প প্রশাসন এশিয়ায় বর্তমানের শান্তিপূর্ণ নীতি বহাল রাখবেন। গতকাল শুক্রবার ভিয়েতনামের হো চি মিন সিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে দেয়া এক বক্তব্যে এই আশা প্রকাশ করেন কেরি।
বার্তা সংস্থার রয়টার্স জানায়, অনুষ্ঠানে কেরি দক্ষিণ চীন সাগরের প্রসঙ্গ তুলে বলেন, ছোট কিংবা বড় যে কোনো দেশের উচিত উস্কানি দেয়া থেকে দূরে থাকা এবং যে কোনো সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে করা। তিনি বিশ্বাস করেন, এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে শান্তিপূর্ণ নীতি বর্তমানে আছে তা পরবর্তী মার্কিন প্রশাসন বহাল রাখবেন।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প ও প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার প্রশাসনের অনেককে বিদায় নিতে হবে। কেরিও বিদায় নেবেন।
কেরি এমন সময়ে এই মন্তব্য করলেন যখন তার উত্তরসূরী রেক্স টিলারসন বলেছেন, চীনকে একটি কড়া বার্তা দেয়া উচিত যাতে দেশটি দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মান বন্ধ রাখে এবং প্রয়োজনে চীনকে সাগরে প্রবেশে বাধা দেয়া।
আর পরবর্তী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বৃহস্পতিবার দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া, চীন ও ইসলামি জঙ্গিরা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি।