তাড়াশে আদিবাসী নারীকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে শেফালী রাণী নামে এক আদিবাসী নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রভাবশালী এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার সরাপপুর গ্রামের আদিবাসী শেফালী রানীর কৃষিজমি স্থানীয় মো. হামজা  জবর দখল করতে যায়। এ সময় শেফালী রানী তাতে বাধা দিলে হামজার ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়।
 
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত করছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ