প্রধানমন্ত্রী রবিবার সুইজারল্যান্ড যাবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে আগামীকাল রবিবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
 
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব'।
 
প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইট আগামীকাল রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।
 
ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি শামিম আহ্সান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
 
বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে সিলভ্রেটা পার্কহোটেলে নিয়ে যাওয়া হবে। সুইজারল্যান্ড সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
 
ডাভোস যাবার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট যাত্রা বিরতি করবেন। 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ডাভোসে অবস্থানকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন এবং ডাব্লিউইএফ'র নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করবেন। ফোরামের কর্মসূচির ফাঁকে শেখ হাসিনা বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস