হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে মোটর সাইকেল দুর্ঘটনায় গত শুক্রবার রাতে শেখ মোহাম্মদ হৃদয় ও হৃদয় দেব নামক ২ বন্ধু মারা গেছে।
তাদের আরেক বন্ধু পিয়াসকে আহত অবস্থায় সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল। শেখ মোহাম্মদ হৃদয় তেলিয়াপাড়া স্টেশন বাজারের শেখ দুলাল মিয়ার ছেলে। হৃদয় দেব একই এলাকার অঞ্জন দেবের একমাত্র পুত্র। পিয়াস ভট্টাচার্য তেলিয়াপাড়ার ধীরেশ ভট্টাচার্যের ছেলে।
গত শুক্রবার ১৩ জানুয়ারি ছিল শেখ মোহাম্মদ হৃদয়ের জন্মদিন। এই উপলক্ষে হালকা খাবার খেতে মোটর সাইকেল নিয়ে ৩ বন্ধু গিয়েছিল জগদীশপুরের এক হোটেলে। হোটেল থেকে বাড়ী ফেরার পথে উল্লেখিত স্থানে তেলবাহী একটি গাড়ীর সাথে ধাক্কা লেগে একজন মাথায় অপর জন মুখে গুরুতর আঘাত পেলে মাধবপুর হাসপাতালে নেয়ার পর ২ জন মারা যায়। অপর ১ জনকে ভর্তি করা হয়েছে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে তেলিয়াপাড়া ঈদগা মাঠে শেখ মোহাম্মদ হৃদয়ের প্রথম জানাজা এবং গোয়ছনগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। এ দুর্ঘটনায় তেলিয়াপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/এসএস