পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, 'আগামী ১৭ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিওইএফ)-এর ৪৭তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের ফলে দেশের আর্থ-সামাজিক খাতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে এ সম্মেলনটি বিশ্বের শীর্ষ বহুজাতিক কোম্পানি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে বিনিয়োগে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রেও অনুঘটকের ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডব্লিওইএফ-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য চারদিনের সফরে আগামীকাল রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিওইএফ)-এর ৪৭তম বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ডাভোস সফর নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, 'ডব্লিওইএফ-এর নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়ান-এর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। প্রফেসর ক্লাউস গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাকে এ বছরের সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। ডাভোস সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলে তিনি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন। -বাসস।
ইত্তেফাক/এসএস