‘ইসরাইলের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরালে শান্তিপ্রক্রিয়া ব্যাহত হবে’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনা হলে শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে। ভ্যাটিকানে ফিলিস্তিন দূতাবাস উদ্বোধন চলাকালীন পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের পরে তিনি এ কথা বলেন।
 
উল্লেখ্য, দেড় বছর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ভ্যাটিকান। মধ্যপ্রাচ্যে ইসরাইলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর দ্বন্দ্বের প্রধানতম কারণ ইসরাইলের জেরুজালেম দখল। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী বলে বিবেচনা করে আর ইসরাইল পুরো জেরুজালেমকে তাদের রাজধানী বলে মনে করে।
 
ভ্যাটিকানে ফিলিস্তিন দূতাবাস উদ্বোধন শেষে পোপ ফ্রান্সিসকে শান্তির ফেরেশতা অভিহিত করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, যদি ট্রাম্প মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করে থাকে তাহলে সেটা শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক হবে না। আমরা আশা করবো এটা যেন না হয়। ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, এটা প্রতিষ্ঠিত হলে শান্তি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি সহাবস্থান সম্ভব হবে না।  
 
 
রবিবার ফ্রান্সে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু করার বিষয়ে একটি সম্মেলন শুরু হতে যাচ্ছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু করার বিষয়টি জোর সমর্থন করছেন পোপ ফ্রান্সিস। তবে ভ্যাটিকান ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরাইল। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ