টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর ভুতমারা ঘাট এলাকায়। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একাধিক হত্যাসহ নাশকতরা মামলা আছে।
শনিবার বিকালে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় টিনের দুটি ঘর। সেই বাড়িতে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর মা রাহেলা বেগম ও জাহাঙ্গীর আলমের ৯ বছরের ছেলে ওসায়িদ বাস করে। প্রায় ৭-৮ বছর থেকে তার সঙ্গে যোগাযোগ নাই বলে জানান তার মা রাহেলা বেগম।
রাহেলা বেগম বলেন, তার ছেলে জাহাঙ্গীর ৩-৪ বছর আগে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন মালঞ্চা গ্রামে জায়গা জমি কিনে বসবাস শুরু করেন। সেখানে আগে থেকেই তার ভাই আবু তাহের (৪৮) ও আব্দুল আলিম (৩৫) বসবাস করতেন। ওই দুই ভাই কাঠের ফার্নিচার ও গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন। গোবিন্দগঞ্জ উপজেলা সদরের মহিমাগঞ্জ রোডে তাদের দোকান।
তিনি আরো বলেন, প্রায় ৩-৪ বছর আগে জাহাঙ্গীরের স্ত্রী সাঘাটা এসে উপজেলা সদরের ডাকবাংলা এলাকার স্থানীয় এক কওমি মাদ্রাসায় তার ছেলে ওছায়িদকে ভর্তি করে দিয়ে যায়। সেই থেকে দাদীর সঙ্গে থাকে জাহাঙ্গীরের ছেলে ওছায়িদ। তবে ওয়াছিদ এখন আর মাদ্রাসায় পড়ে না। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে তৃর্তীয় শ্রেণিতে পড়ে।
বড় ভাই আবু তাহের জানান, জাহাঙ্গীর গ্রামেই জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হলে তিনি ওই বাড়ি ছেড়ে এসে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে এসে বসবাস শুরু করেন। সেই থেকে তিনি এখানে ব্যবসা করছেন।
তিনি আরো জানান, ৬-৭ বছর আগে তার ছোট ভাই আব্দুল আলিম গোবিন্দগঞ্জের মালঞ্চা গ্রামের জায়গা জমি কিনে বাড়ি করেন। এর ২-৩ বছর পর জাহাঙ্গীরও এখানে এসে জমি কিনে বাড়ি করেন। কিন্তু সে এই বাড়িতে মাত্র বছর খানেক ছিল। এখান থেকে চলে যাওয়ার সময় প্রতিবেশি ও আমাদের বলেছিল ছেলেমেয়ের লেখাপড়ার জন্য সে বগুড়া চলে যাচ্ছে। জাহাঙ্গীরের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।
ভুতমারা বাজারে জাহাঙ্গীরের একাধিক প্রতিবেশি জানান, ৮ থেকে ৯ বছর আগে ভুতমারা গ্রামের স্থানীয় হাফেজিয়া মাদ্রাসায় আব্দুর রহমান ওরফে এরশাদ নামে এক হুজুর চাকরিতে যোগ দেন। তার সঙ্গে জাহাঙ্গীরের খুব ভাল সর্ম্পক ছিল। জাহাঙ্গীর তার সঙ্গে উঠাবসা করতো। কিন্তু সম্প্রতি জঙ্গি ধরাধরি হলে ওই হুজুর এখান থেকে চলে যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী গোবিন্দগঞ্জের আলোচিত ব্যবসায়ী তরুণ দত্ত ও দেবেশ চন্দ্র হত্যার মামলার চার্জশিটভুক্ত আসামি। গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন মালঞ্চা গ্রামের বাড়িতে ওদের কেউ থাকে না।
ইত্তেফাক/ইউবি