বগুড়া শহরের গালাপট্টি এলাকায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের গালাপট্টি এলাকায় আল-হাসান জুয়েলার্সে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও ককটেলের আঘাতে দোকান মালিক, দুই কর্মচারী ও এক পথচারী আহত হয়েছেন। দুর্বৃত্তরা দোকান থেকে ৫ লক্ষাধিক টাকা ও প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক গুলজার রহমান।
IMG0
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে দোকানীরা যখন কেনাবেচায় ব্যস্ত, সে সময় মুখোশধারি ৭-৮ জন দুর্বত্ত আল-হাসান জুয়েলার্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা আল-হাসান জুয়েলার্সে প্রবেশ করে দোকানের ভিতরে ককটেল বিস্ফোরণ ঘটায়। ডাকাতরা জুয়েলার্সের ভেতরে ঢোকার পরপরই অস্ত্রের মুখে দোকান মালিক গোলজার হোসেনসহ কর্মচারীদের জিম্মি করে। এ সময় তারা দোকানে লাগানো সিসি টিভি ক্যামেরার রেকর্ডিং ডিভাইস খুলে নেয়। এরপর সিন্দুক ভেঙে টাকা ও দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে। দোকান থেকে বের হওয়ার পথে তারা দোকান মালিকের পায়ে গুলি করে আহত করার পাশাপাশি ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের স্প্রিন্টারের আঘাতে পথচারি আনোয়ার আলী (৫০) ও দোকান কর্মচারী রবিউল ইসলাম (৩৫) ও জাকির হোসেন (৩৫) আহত হন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর থানার নয়মাইল এলাকায় ডাকাত দলের ব্যবহৃত মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি