সরকারের তিন বছর পূর্তিতে ঢাকাসহ সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা পর্যায়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
শনিবার রাজধানীতে কেন্দ্রীয়ভাবে আনন্দ মিছিল বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। মধুর ক্যান্টিন থেকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
IMG0
সমাবেশে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, বিএনপি সব সময় দেশকে পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। দেশরত্ম শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের এই উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য বিএনপি সবসময় লেগে ছিল, এখনও আছে। তবে বিএনপির ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সরকারকে কেউ প্রতিহত করতে পারবে না। এ সময় তিনি প্রতিটি ছাত্রলীগ কর্মীকে প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে কাজ করে যেতে বলেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, জঙ্গিমাতা খালেদা জিয়ার সব ষড়যন্ত্র অতীতের ন্যায় ছাত্রলীগ রাজপথে থেকে প্রতিহত করবে। উন্নয়নের ধারা বজায় রাখার জন্য প্রতিটি ছাত্রলীগ কর্মী কাজ করে যাবে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, ডা. তোফাজ্জেল হক চয়ন, মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
ইত্তেফাক/ইউবি