চট্টগ্রাম-কক্সবাজার-ঘুমধুম রেললাইন সম্প্রসারণ কাজ শুরু মার্চে

চট্টগ্রাম-কক্সবাজার-ঘুমধুমের মধ্যে রেললাইন সম্প্রসারণ কাজ চলতি বছরের মার্চ মাসে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়। চট্টগ্রাম-দোহাজারী পর্যন্ত রেললাইন রয়েছে। চট্টগ্রাম-দোহাজারী ভায়া কক্সবাজার জেলার ঘুমধুম পর্যন্ত ১২৯ কি.মি রেললাইন সম্প্রসারণ হলে নতুন আলোর মুখ দেখবে স্থানীয়রা। সহজ হবে চট্টগ্রাম-কক্সবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। রেল মন্ত্রণালয় এ প্রকল্পের ব্যয় ধরেছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা।

 
২০১৩ সালে রেল লাইন সম্প্রসারণের লক্ষ্যে তত্কালীন পূর্বাঞ্চলীয় এমডি ইউছুফ আলী মৃধা চন্দনাইশ উপজেলার দোহাজারী রেল ষ্টেশন পরিদর্শন করেন। কিন্তু ওই সময় রেলওয়ের জনবল নিয়োগ সংক্রান্ত ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ইউছুফ আলী মৃধা গ্রেফতার হয়ে জেলহাজতে যাওয়ার পর কাজ থমকে যায়। দীর্ঘদিন ফাইলবন্দি হয়ে পরা রেল লাইন সম্প্রসারণ কাজ শিঘ্রই শুরু হতে যাওয়ায় নতুন আলোর মুখ দেখতে শুরু করেছে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারবাসী।
 
এ রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান জানান, চলতি বছরের মার্চ মাসে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করা হবে। এর আগে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হবে। দরপত্রের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে।
 
বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রেল লাইন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করতে চলতি অর্থবছরের মার্চ মাস নাগাদ কাজ শুরু করা হবে এবং শেষ হবে ২০২২ সালে। ইতিমধ্যে এডিবির একটি টিম কাজ করে যাচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
 
উল্লেখ্য, ১৮৯০ সালে ব্রিটিশ সরকারের আমলে চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের কাজ করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর জাপান রেলওয়ে টেকনিক্যাল সার্ভিস আবার এ রেল লাইন নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু কিছু জটিলতার কারণে প্রকল্পের কাজ ফাইলবন্দি হয়ে পড়ে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রয়াসে পুনরায় এ প্রকল্পের কাজ হাতে নেয়। যার ফলে দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার এলাকাবাসী সহজ যাতায়াতের ক্ষেত্রে নতুন আলোর মুখ দেখতে শুরু করেছে।

ইত্তেফাক/এএন