পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উত্সব

 
‘নগরে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ চাই’— এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঘুড়ি উত্সব ও ঘুড়ি শোভাযাত্রা। গতকাল শনিবার বিকালে হাজারীবাগ ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির মাঠে পৌষ সংক্রান্তি উপলক্ষে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন যৌথভাবে এই উত্সবের আয়োজন করে।
 
উত্সবে বিভিন্ন সংগঠন থেকে আসা শিশু-কিশোররা ঘুড়ি উত্সবে অংশগ্রহণ করে। এসময় শিশুদের হাতে রঙ-বেরঙের ঘুড়িতে পৌষের আকাশ রঙিন হয়ে উঠে। বিভিন্ন সংগঠনের শিশু-কিশোররা এক রঙের টিশার্ট পরে ঘুড়ি নিয়ে মাঠে নামে। ঘুড়িগুলোর মধ্যে ছিল—কালা পাহাড় ঘুড়ি, চোখদার, চুমকিদার, সাপ ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, লেজদার ঘুড়ি, লাল পাহাড়, মালাদারসহ বিভিন্ন ঘুড়ি। ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মো. শুকুর সালেহ-এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইলিয়াছুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাজী সাদেক হামিদ সাজু, জিএম গ্রুপের পরিচালক মো. নকীব আহমেদ, আওয়ামী লীগের ২২নং ওয়ার্ডের সভাপতি শেখ আখতার হোসেন, কাউন্সিলর হাজী তারিকুল ইসলাম সজীব, ঘুড়ি ফেডারেশনের সহ-সভাপতি মো. আব্দুল বারেক সোনা মিয়া, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বকস প্রমুখ।