এটিএন বাংলায় শুরু হচ্ছে ‘নাভীদ মাহবুব শো’

আগামী ১৭ জানুয়ারি থেকে এটিএন বাংলায় প্রথবারের মতো প্রচার হবে সূক্ষ্ম রসিকতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান ‘মিস্টার টুইস্টস নাভীদ মাহবুব শো’। 
 
গতকাল এটিএন বাংলার স্টুডিওতে এক ‘প্রিমিয়ার শো’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে। সাপ্তাহিক এ অনুষ্ঠানটি রচনা, প্রযোজনা ও উপস্থাপনায় রয়েছেন লেখক ও কমেডিয়ান নাভীদ মাহবুব। 
 
এতে থাকছে সাম্প্রতিক ও পারিপার্শ্বিক বিষয় আর দৈনন্দিন জীবনভিত্তিক নাভীদ মাহবুবের কমেডি। আরো থাকছে বিশিষ্ট অতিথিদের নিয়ে নাভীদের রসাত্মক আড্ডা। তারকা শিল্পী, উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, খেলোয়াড়, গায়ক, অভিনেতা, লেখক, সাংস্কৃতিক জগতের জনপ্রিয় মুখগুলো অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন। 
 
এছাড়াও মাঝে মাঝে থাকবে অন্যান্য কমেডিয়ানদের কমেডি, হাস্যরসাত্মক স্ট্রিট, সাম্প্রতিক ও সামাজিক বিষয়ের ওপর সংবাদ পাঠের কায়দায় নাভীদের বিশ্লেষণ, স্টুডিওর বাইরে থেকে নাভীদের রসাত্মক পরিবেশন আর সচেতনতামূলক তথ্য।
 
ইত্তেফাক/এমএআর