যশোরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে ২ শ্রমিক নিহত

 
যশোরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। রবিবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ভদু ঢালীর ছেলে লাভলু (৪০) ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ (৩০)।
 
আহতরা হলেন- একই এলাকার আসাদ (৩৫), শওকত (২৫), সাইদুর (২৬), সোহেল (২৬), জাকির (২৫), আশরাফুল (৩০), উজ্জ্বল (৩০) ও অজ্ঞাত যুবক (৪৫)। হতাহতরা সবাই স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার শ্রমিক।
 
হাসপাতাল সূত্র জানায়, সকালে ১০ জন শ্রমিক চৌগাছা এলাকা থেকে টেম্পুতে চড়ে কর্মস্থল যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছান। শ্রমিকরা সিএনজি থেকে নামার সময় পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে বাসের সামনে পড়লে চাপায় ১০ শ্রমিকই আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর লাভলু মারা যান। আহতদের মধ্যে ফরিদ ও সোহেলকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হলে পথে ফরিদের মৃত্যু হয়। আহত অন্যরা যশোর হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, পুলিশ বাসটিকে আটক করছে। তবে  চালক ও হেলপার পালিয়ে গেছে।
 
 
ইত্তেফাক/এএসএস